পায়ে ‘ফোঁড়া ওঠায়’ হাজিরা পরোয়ানা থাকার পরও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা যায়নি। ফলে আগামী ২৪ জানুয়ারি শুনানির নতুন দিন ধার্য করেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। এদিকে রাষ্ট্রপক্ষের সময় পরিপ্রেক্ষিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আট যাত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি পিছিয়েছে।
রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে গতকাল গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই শুনানিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে গত ১০ জানুয়ারি প্রোডাকশন (উপস্থিতি) ওয়ারেন্ট জারি করেছিলেন একই বিচারক। আদালতকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, খালেদা জিয়া অসুস্থ এবং তার পায়ে ফোঁড়া ওঠায় তিনি আদালতে আসতে পারেননি। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।
দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ ও মো. আখতারুজ্জামান।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় গ্যাটকো মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে বিএনপি-জামায়াত জোট সরকারের ৯ মন্ত্রী-উপমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি সাধন করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এরই মধ্যে মারা গেছেন। আর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার এ মামলায় বর্তমানে আসামি সংখ্যা ২০ জন।
এদিকে গতকাল দুপুরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যার অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন ও জামিন আবেদনের শুনানি পেছানো হয়। খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, ‘মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানির আজ (গতকাল) নির্ধারিত তারিখ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায়। আদলতের বিচারক তাৎক্ষণিক কোনো তারিখ না দিয়ে পরবর্তীতে দেওয়া হবে বলে বিবাদী পক্ষকে জানান।’
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ছেড়ে আসা কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহনের’ নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে অগ্নিদগ্ধ ঘুমন্ত সাত যাত্রী ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। ওই ঘটনায় পরদিন রাতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার।
