বিপিএলে আম্পায়ারের বড় ভুলবিপিএলে আম্পায়ারের বড় ভুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৩৯ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল একটি ডিআরএসের প্রক্রিয়া ও সিদ্ধান্ত প্রশ্ন জাগাল। আম্পায়ারের ভুল তুলে দিলো প্রশ্ন। ঢাকা ডায়নামাইটস মনে করে রাজশাহী কিংসের ব্যাটসম্যান রায়ান টেন ডেস্কাট আউট ছিলেন। কিন্তু আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে কিছু বললে সাজা নিশ্চিত বলেই মুখে রা নেই। টুর্নামেন্টের শুরুতে ডিআরএসের পুরোটা ছিল না। তখন খালি চোখে তৃতীয় আম্পায়ারের দেওয়া কিছু সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছিল।

ঢাকায় টানা চার ম্যাচ জিতে সিলেটে পা রেখে গতকাল প্রথম হারের দেখা পেল সাকিব আল হাসানের ডায়নামাইটস। চমৎকার শুরুর পর ১২তম ওভারে সুনিল নারিনের কাছে ২ উইকেট হারায় রাজশাহী। ওভারের শেষ বলে ১ রানে দাঁড়ানো ডাচ ডেস্কাটের বিপক্ষে আপিল ছিল ঢাকার। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন সাকিবরা।

সমস্যা এখানেই। থার্ড আম্পায়ার লেগ বিফোর উইকেটের রিপ্লে দেখে মীমাংসায় পৌঁছাতে পারেননি। আম্পায়ার্স কল বহাল থেকেছে। নট আউট। কিন্তু রিপ্লেতে আল্ট্রা এইজ দেখাচ্ছিল একটি গ্রাফ। উইকেটকিপার বল ধরেছিলেন। তার মানে ব্যাটের স্পর্শ নিয়ে বলটা এসে থাকতে পারে। ইউডিআরএস বা আম্পায়ার রিভিউ সিস্টেমে সম্ভাব্য সব আউট বিচারের নিয়ম। তা করেননি। কট বিহাইন্ডের সম্ভাব্যতা বিচার করেননি।

সাকিবরা প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত মেনে নিয়ে খেলা শুরু করেন। খেলা শেষে ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম শেখ বললেন, ‘ওখানে লেগ বিফোর নিয়ে কথা হচ্ছিল। সোহান ভাই (উইকেটকিপার নুরুল হাসান) ক্যাচ ধরেছিল। লেগ বিফোর না হলে ক্যাচ আউট...।’ দলটির ম্যানেজার আজম ইকবাল বললেন, ‘আমি যতটুকু দেখেছি, কট বিহাইন্ডের আপিল করা হয়েছিল। এরপর দেখা যাচ্ছিল এইজ হয়েছে। প্লেয়াররা অবশ্যই লেগ বিফোরের আপিল করেছিল। এরপর জিনিসটা এগোয়নি। আম্পায়ারের ওপর এটা ডিপেন্ড করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত