সাংবাদিকদের জাহিদ মালেক

স্বাস্থ্য মন্ত্রণালয়,সব বিভাগে শিগগিরই শুদ্ধি অভিযান

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:৩০ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বিভাগে শিগগিরই শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন সরকারের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অপরাধ যার যার নিজস্ব বিষয়। সরকার এতে কাউকে ছাড় দেবে না। বর্তমান সরকারের মেয়াদ মাত্র শুরু হলো। দ্রুতই স্বাস্থ্য বিভাগের সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে।’ ১০০ দিনের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহার ঘোষিত কার্যক্রমের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন, মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের কার্যক্রমের তদারকি প্রক্রিয়া চালু করে যন্ত্রপাতি, জনবল কর্মক্ষেত্রে উপস্থিতি তদারকি, সব হাসপাতালে সহজে দৃশ্যমান সাইনবোর্ডসহ নিয়নসাইনের সাইনবোর্ড স্থাপন, এক বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া। ১০০ দিনের কর্মসূচির বাইরে মা ও শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যবিষয়ক অভিযোগ জানানোর জন্য একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত