সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ। গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত সোমবার হাইকোর্টে এ রিট আবেদনটি করা হয়।
এর আগে সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে গত ৮ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস পাঠিয়েছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ওই নোটিসে বলা হয়, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু সংবিধানের ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে এবং এটি সংবিধান পরিপন্থি। নোটিসের জবাব না পাওয়ায় রিট আবেদনটি করা হয় বলে জানান খন্দকার মাহবুব হোসেন।
