অবৈধভাবে ভর্তির অভিযোগ পেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের দুই সদস্যের দল এই অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে তারা কোনো অনিয়ম খুঁজে পাননি।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ১০৬ হটলাইনে ভর্তির অনিয়মের অভিযোগ পাই। আমাদের একটি টিম স্কুলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা অনিয়মের প্রমাণ পাইনি। কিন্তু আমরা সমুদয় ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণে রাখছি। কোনো প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু এরপরও গত মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে তারা। সেটি গতকাল বুধবারও অব্যাহত ছিল। ঘোষিত আসনের বাইরে এই ভর্তির খবর দুদকের হট লাইনে (১০৬) অভিযোগ আকারে জানানো হয়।
অভিযোগে জানানো হয়, স্কুলে ভর্তির টাকা কলেজ ক্যাম্পাসের পূর্ব অংশে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। তবে অবৈধ ভর্তি গোপন রাখতে ব্যাংক কর্মকর্তাদের স্কুলের ভেতরে নিয়ে আসা হয়। এরপরই তাৎক্ষণিকভাবে পরিদর্শনে যায় দুদকের দল। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত
অধ্যক্ষ হাসিনা বেগম বলেন, ‘এটি কোনো অভিযান নয়; দুদকের কর্মকর্তারা জানতে এসেছিলেন। আমরা তাদের বিষয়টা বোঝাতে পেরেছি। কারও অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি, তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না।’ তিনি আরও বলেন, ‘ভিকারুননিসা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এখানে সকলের আগ্রহ থাকে পড়তে বা পড়াতে। আমাদের সীমাবদ্ধতা থাকায় আমরা অতিরিক্ত ভর্তি করতে পারছি না। তবে আমরা এখনো বাড়তি ভর্তি করিনি।’
