ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড দলে স্যান্টনার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৪ পিএম

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। হাঁটুর চোট কাটিয়ে ১০ মাস পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজের ফিটনেসের প্রমাণ দেওয়ার পরও ওয়ানডে দলে ডাক মিলল স্যান্টনারের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছল উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথাম ও পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে। ভারতের বিপক্ষে ফিরছেন তারা।

আইসিসি র‍্যাংকিংয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ভারত এবং নিউ জিল্যান্ড। কিউইদের দল ঘোষণায় আসন্ন বিশ্বকাপ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ গ্যারি স্টিড।

“বিশ্বকাপ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলির দলের বিরুদ্ধে সেরা একাদশই মাঠে নামাতে চলেছি আমরা।”

“বিশ্বকাপের আগে আসন্ন সিরিজে ভুলত্রুটি হলেও তা থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের মঞ্চে সেই অভিজ্ঞতা কাজে লাগাবে ছেলেরা।”

নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত