স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্তিমিত সমবায় ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হবে। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের দাপ্তরিক ও পরিচালনা কার্যক্রম পর্যালোচনা, পরিদর্শন ও মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম বলেন, সমবায় আগের মতো আগ্রহের জায়গায় নেই। সমবায় ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং যথাযথ ক্ষমতায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, গ্রামাঞ্চলের জনগণ খুবই সম্ভাবনাময়। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা সম্ভব। ক্ষুদ্রঋণ ও মাঝারি ঋণ প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে হবে। সমবায় ব্যাংক এ কাজে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।
সভায় জানানো হয়, ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সমবায় ব্যাংক নামে যাত্রা শুরুর পর সমবায় ব্যাংক লিমিটেড, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মাধ্যমে সারা দেশের সমবায়ী কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে। ব্যাংকটি দেশের এক হাজার ৭৮০ সমবায় সমিতির ৩৬ হাজার সদস্যকে ৬৭ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার টাকা কৃষিঋণ দিয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উৎপাদনমুখী কর্মকা-ে স্বল্পসুদে ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগি ও গাভী পালন, মৎস্য, শাকসব্জি, তরমুজ ও আনারস চাষ, চা উৎপাদন, কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণ, সোলার ও আইটি প্রকল্পে ১০৯ সমবায় সমিতির চার হাজার ১২৫ সদস্যকে ১৭ কোটি ৪৩ লাখ ১৫ হাজার টাকা ঋণ দিয়েছে।
