আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির এখনো সংসদে যাওয়ার সময় আছে। আমার মনে হয়, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। এখনো যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগণই দেখবে তাদের কী পরিণতি হয়, আমার এ বিষয়ে বলার কিছু নেই।’ গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কসবায় গণসংবর্ধনায় যোগ দিতে ‘মহানগর প্রভাতী’ ট্রেনে ঢাকা থেকে সকালে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী। বিকেলের গণসংবর্ধনায় যোগ দিতে সেখান থেকে সড়কপথে তিনি কসবায় যান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা নৌকা থেকে ফুল ছিটিয়ে মন্ত্রীকে বরণ করে এবং তার হাতে কাগজের নৌকা তুলে দেয়।
আনিসুল হক আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা।’
একাদশ সংসদ নির্বাচন নিয়ে টিআইবি’র প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই রিপোর্ট হাতে না পাব ততক্ষণ কিছু বলব না।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, শাহবুদ্দিন বেগ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
