ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত সভায় উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে জয়ী বিএনপি নেতা জাহিদুর রহমান। যেখানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেননি, সেখানে সরকারি সভায় জাহিদের উপস্থিতিতে অসন্তুষ্ট অনেকেই। অবশ্য জাহিদের দাবি, মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন তিনি।
গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মো. হাশিম, জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শেষের দিকে সেখানে উপস্থিত হন জাহিদুর রহমান।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা কার্যালয়ে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলেন উপজেলা বিএনপির এই সভাপতি। তিনি বলেন, ‘সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেখানে উপস্থিত হইনি। নির্বাচনের আগে ও পরে আটক নেতাকর্মীদের জামিনসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলাম।’ ওই সভায় তিনি বক্তব্য দেননি ও খাতায় সই করেননি বলে দাবি করেন জাহিদ।
সম্প্রতি গুঞ্জন উঠেছে দল ত্যাগ করে শপথ নিয়ে সংসদে যাবেন জাহিদ। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। যেখানে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মী জেলে, মামলা-হামলায় জর্জরিত, সেখানে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যাওয়া কখনই সম্ভব নয়। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের মিথ্যাচার, প্রপাগান্ডা। আমি বিএনপিতে আছি, এখানেই থাকব।’
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে এই আসনে সংসদ ভোটে লড়ছেন জাহিদুর রহমান। ২৭ বছর পর এবারই প্রথম তিনি নির্বাচিত হলেন।
