অভিনয়ের মাঠ থেকে একের পর এক নায়িকা নামছেন রাজনীতির মাঠে। সেই কাতারে সর্বশেষ পাওয়া গেল নতুন প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে।
ইতিমধ্যে এই নায়িকা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পত্রও কিনেছেন। মিষ্টি জানালেন তিনি খুলনা -২ আসন থেকে নিজের মনোনয়নপত্র কিনেছেন।
দেশ রূপান্তরকে মিষ্টি জান্নাত বলেন, ‘আমার পরিবারের সব সদস্যই রাজনীতির সঙ্গে জড়িত। আমি নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। সে কারণেই আওয়ামী রাজনীতির সঙ্গে আরও ভালোভাবে সক্রিয় হতে চাই।’
মিষ্টি জান্নাত আরও বলেন, ‘আমি কলেজে পড়ার সময়েই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমার মা-চাচারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গেও ছিলাম। অনেক চিন্তাভাবনা করেই আজ দুপুরে (বৃহস্পতিবার) মনোনয়ন ফরম কিনেছি।’
মিষ্টি জান্নাতের নানা জিল্লুর রহমান খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছেন। মা ২০০২ সালে খুলনা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন। চাচা হাবিবুর রহমান বাগেরহাটের একটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাচা আনিসুর রহমান খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। এ ছাড়া মামা এস্কেন্দার আলি ফরিদপুরের ভাঙা উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে রূপালি জগতে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেন মিষ্টি জান্নাত।
