দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতা-কর্মীরা। সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার মাজারে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ করবেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল। ঢাকাসহ দেশের প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
গণমাধ্যমে দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতির এ রকম এক চরম দুঃসময়ে ৭ নভেম্বর ১৯৭৫ সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন। ক্ষমতায় এসেই তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব। আর এর জন্য সর্বশক্তি দিয়ে “গণতন্ত্রের মা” দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে হবে।’
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্ম নেওয়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে এর মধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি। অনুরূপভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়ার জন্মবার্ষিকী পালন করাবে বিএনপি। এ ছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করবে।
