বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সর্বশেষ সিরিজে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কা সফরে তার নেতৃত্বেই পাঁচটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট খেলেছে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপেও নেতৃত্ব দিয়েছেন দলকে। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দলেই নেই এই টপ অর্ডার ব্যাটসম্যান।
শনিবার ঘরের মাঠে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে সিরিজে জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীকে অধিনায়ক ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো পাঁচজনকে। তৌহিদ হৃদয়ের জায়গা হয়নি সেখানেও।
হঠাৎ করেই তৌহিদ হৃদয়ের একসঙ্গে দলে জায়গা ও নেতৃত্ব হারানোর বিষয়টি অবাক করাই। তবে ঠিক বাদ পড়া নয়, জানা গেছে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে খেলা এই ক্রিকেটারকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি। তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। এ ছাড়া খুলনা টাইটান্সের হয়ে খেলা শরিফুল ইসলামও নেই এই দলে।
ইংল্যান্ড যুব দলের বিপক্ষে একটি যুব টি-টোয়েন্টি, তিনটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট (চার দিনের ম্যাচ) খেলবে বাংলাদেশ। কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২০ জানুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ডের যুবারা। একই দিন পাড়ি দেবে কক্সবাজারে। মূল সিরিজ শুরুর আগে ২৫ জানুয়ারি কক্সবাজার একাডেমি মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশ যুবারা।
২৭ জানুয়ারি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামের মূল মাঠে একমাত্র যুব টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরপর একই মাঠে যুব ওয়ানডে তিনটি হবে- ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।
ওয়ানডে সিরিজ শেষে ৪ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে চট্টগ্রামে পাড়ি দেবে ইংল্যান্ড। যেখানে ৭-১০ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচ (যুব টেস্ট)। দ্বিতীয় চার দিনের ম্যাচটি ১৫-১৮ ফেব্রুয়ারি। সিরিজ শেষে ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামিম হোসেন (সহ অধিনায়ক), সাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তামজিদ হাসান সাকিব।
স্ট্যান্ড বাই: সজীব হোসেন সিয়াম, মিনহাজুর রহমান, মুজাক্কির হোসেন, আসাদউল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।
