একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিজয় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তিনটার পরে সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সাড়ে চারটার কিছু পরে তিনি ভাষণ শুরু করেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দেরও বক্তব্য রাখার কথা রয়েছে।
সমাবেশ বেলা আড়াইটায় শুরু হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টায়। এর আগে সকাল ১১টায় সমাবেশস্থলে প্রবেশের ফটকগুলো খুলে দেওয়া হয়।
সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে সোহরাওয়ার্দী ও এর আশপাশের এলাকা।
বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা ও তার আশপাশের জেলার আওয়ামী লীগ ও দলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে দলটি। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গেও প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার পর এ বিজয় সমাবেশকে স্মরণীয় করে রাখতে বিপুল জনসমাগমের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে কয়েক লাখ লোকের সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শপথ নেয়নি মাত্র ৮ আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট।
