যৌথ প্রযোজনা ইস্যুতে আবারও সরগরম হয়ে উঠছে ঢালিউড। ১৯ জানুয়ারি নায়ক বাপ্পি চৌধুরীর প্রকাশ্যে ক্ষমা চেয়ে যৌথ প্রযোজনার ছবির পক্ষে ফেরার পর থেকে এই বিষয়টি আবারও আলোচনার টেবিলে উঠে। যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ করা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছে ক্ষমা চান বাপ্পি। আব্দুল আজিজও বাপ্পিকে ক্ষমা করে দিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন। বাপ্পি চৌধুরীর ভুল বোঝা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘শুধু বাপ্পি নয়, রিয়াজ, ফেরদৌস, পপিসহ আরও অনেকে আমাকে তাদের ভুল বোঝার কথা বলেছেন। অনেকেই পারসোনালি সরি বলেছেন। আমিও তাদের বলেছি এসব আমি মনে রাখতে চাই না। আমিও তাদের ক্ষমা করে দিয়েছি।’
এদিকে বাপ্পির ক্ষমা চাওয়াকে স্বাগত জানিয়েছেন হালের নতুন ক্রেজ অমৃতা খান। শুধু তাই নয়, অমৃতা জানিয়েছেন আব্দুল আজিজ তার জায়গায় ঠিক ছিলেন। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন অমৃতা খান। স্ট্যাটাসে অমৃতা বলেন, ‘একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে মনে করি আব্দুল আজিজ ভাই ঠিকই ছিলেন।’
দেশ রূপান্তরকে অমৃতা খান বলেন, ‘চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে জাজ মাল্টিমিডিয়া। তারা আছে বলেই এখনো হলগুলো টিকে আছে। সিনেমা বাঁচানোর স্বার্থেই তারা যৌথ প্রযোজনায় সিনেমা বানিয়েছেন। আমি মনে করি তারা সঠিক কাজটাই করেছেন।’
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জুন যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ বন্ধের দাবি জানিয়ে ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’এর ব্যানারে- মাঠে নামেন বাংলাদেশের অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের নেতৃত্বে সেই আন্দোলনে বাপ্পি সাইমনসহ জনপ্রিয় তারকারা অংশ নেন। সেই আন্দোলনে অমৃতা খানও যুক্ত ছিলেন। যৌথ প্রযোজনায় সবচেয়ে বেশি ছবি নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ফলে এই আন্দোলন মূলত জাজের বিরুদ্ধেই ছিল।
