দ্বিতীয়ার্ধের কাসেমিরো ও লুকা মদ্রিচের গোলে সেভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সবশেষ ম্যাচে কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি লেগে লেগানেসের মাঠে হেরে গিয়েছিল তারা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগায় সেভিয়াকে ২-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের শেষ দিকে গোল দুটি পায় টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখালেও সেভিয়ার রক্ষণভাগে ফাটল ধরাতে পারছিল না রিয়াল। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৭৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। স্প্যানিশ ল্যাফট-ব্যাক সের্হিও রেগুইলনের পাস থেকে বল পান কাসেমিরো। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ শহরের ক্লাবটি। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচ।
এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে রিয়াল। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।
