স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আমরা যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে মাদক নির্মূল করব। এটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনোক্রমেই আমাদের তরুণ প্রজন্ম ও মেধাকে হারিয়ে যেতে দেব না। মেধা বাঁচাতে যেকোনো মূল্যে মাদক দমন করতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর ও স্বাভাবিক রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা সব সময় থাকবেই। যেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তোমরা মাদক থেকে সব সময় দূরে থাকবে। মাদকের নামই পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছ। মাদক কত ভয়াবহ হতে পারে।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে।’
সরকার সুশাসনের জন্য কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সে কে কিংবা তার পরিচিতি কী- কিছুই তোয়াক্কা করা হবে না। অপরাধ করলে তার সাজা পেতেই হবে।’
