যত প্রভাবশালীই হোক মাদক ইস্যুতে ছাড় নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১২:২১ পিএম

যত বড় প্রভাবশালীই হোক না কেন মাদক ইস্যুতে কোনো ছাড় না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, ‘মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি। মাদকের সঙ্গে জড়িত এবং মাদক চোরাকারবারীদের দ্রুত খুঁজে বের করতে হবে।’

সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং নির্মূল করা এ সরকারের প্রধান লক্ষ্য। মাদকের ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। যত বড় প্রভাবশালী হোক এব্যাপারে আপনারা কোনো ছাড় দেবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এনিয়ে দ্বিতীয়বারের মতো সচিবালয় গেলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এ মাসের মধ্যে প্রধানমন্ত্রী আরও দু-তিনটি মন্ত্রণালয় পরিদর্শন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত