বোলিংয়ে এগিয়ে দেশিরা, ব্যাটিংয়ে বিদেশিরা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৫:২৪ পিএম

মাঝ পথে এসে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিদেশি ক্রিকেটাররা যেমন আলো কাড়ছেন, তেমনি দেশি ক্রিকেটাররাও ছড়াচ্ছেন নিজেদের পারফরম্যান্সের আলো। সিলেট পর্ব শেষে ব্যাটিংয়ে সেরাদের শীর্ষ পাঁচে বিদেশিদের আধিক্য থাকলেও বোলিংয়ে দাপট দেশি ক্রিকেটারদের। তাসকিন আহমেদ, শফিউল ইসলামরা যেখানে বিদেশিদের থেকে ঢের এগিয়ে।

বিপিএলের ষষ্ঠ আসরের শুরুতে টি-টোয়েন্টির নিখাদ বিনোদনের জন্য হাহাকার থাকলেও এখন আর তা নেই। শনিবার সিলেট পর্বের শেষ দিনেই যেমন এক সঙ্গে দুটি রোমাঞ্চকর ম্যাচের দেখা মিলল। সিলেট সিক্সার্স আগে ব্যাট করে ১৯৪ রান করেও পারেনি রংপুরের বিপক্ষে ম্যাচ জিততে। অন্যদিকে চিটাগং ভাইকিংস খুলনা টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ২১৪ রানের সংগ্রহ গড়ে। যে তাড়া করে ১৮৮ রান করে হার চিটাগংয়ের। হারলেও একেবারে আত্মসমর্পণ করেনি দলটি।

সিলেট পর্ব শেষে আবারো ঢাকায় ফিরবে বিপিএল। একদিন বিরতি দিয়ে সোমবার থেকে ঢাকার দ্বিতীয় পর্ব শুরু। ২১ থেকে ২৩ জানুয়ারি খেলা হবে ঢাকায়। এরপর চট্টগ্রাম পর্ব। পরে আবার ঢাকায় ফিরবে বিপিএলে।

সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে ঢাকা ডায়নামাইটস। ৬ ম্যাচ খেলে ৫ জয় ও ১ হারে মোট ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা। এক ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ২ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা।

image

ব্যাটিংয়ে শীর্ষ পাঁচের নামগুলো যথাক্রমে রাইলি রুশো (রংপুর রাইডার্স), নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স), ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স), জুনায়েদ সিদ্দিকি (খুলনা টাইটান্স) ও মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)। অর্থাৎ প্রথম তিনজনই বিদেশি। কিন্তু বোলিংয়ের সেরা পাঁচে মাত্র একজন বিদেশি। সেরা চারের হিসেব ধরলে তো সবাই বাংলাদেশি।

সিলেট পর্ব শেষে বোলিং শীর্ষে থাকা নামগুলো- তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স), শফিউল ইসলাম (রংপুর রাইডার্স), মাশরাফী বিন মোর্ত্তজা (রংপুর রাইডার্স), সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), রবি ফ্রাইলিঙ্ক (চিটাগং ভাইকিংস)।

বোলিংয়ে সেরা তাসকিন ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। তার সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা শফিউল ইসলাম ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তৃতীয় স্থানে থাকা রংপুর অধিনায়ক মাশরাফীর উইকেট সংখ্যা ১২টি। সাকিব আল হাসান ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা রবি ফ্রাইলিঙ্ক ৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট।

ব্যাটিংয়ে শীর্ষে থাকা রাইলি রুশোর ৭ ম্যাচে ৪ ফিফটিসহ মোট রান ৩৪৯। নিকোলাস পুরান সমান ম্যাচে দুই ফিফটিতে করেছেন ২৪৪ রান। ৭ ম্যাচে তিন ফিফটিতে ২২৩ রান করে তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। জুনায়েদ সিদ্দিকি ৭ ম্যাচে এক ফিফটিতে ২০৩ রান করে আছেন তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা মুশফিকের রান ৫ ম্যাচে ১৯১। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিফটি করেছেন দুটি।

ব্যাটিংয়ে সেরা ইনিংস ও বোলিংয়ে সেরা বোলিং ফিগার বাংলাদেশি ক্রিকেটারের। রংপুর রাইডার্সের বিপক্ষে সাব্বিরের ৮৫ রানের ইনিংসটি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাশরাফির ১১ রানে ৪ উইকেট শিকার এখন পর্যন্ত ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত