নাটোরের লালপুর উপজেলায় জামিরুল ইসলাম নামে এক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জামিরুল উপজেলার গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন। সে বিরোপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামানের ছেলে।
রোববার দুপুরে বিরোপাড়া নিজ বাসভবন থেকে বের হয়ে উপজেলা পরিষদ বাজারে যাওয়ার সময় আট থেকে দশ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা জামিরুলকে উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কামরুজ্জামান জানান, বেলা একটার দিকে জামিরুল তাকে বাজারের ব্যাগ দিয়ে জোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন বলে চলে যান। এর কিছুক্ষণের মধ্যে খবর পান জামিরুলকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে।
নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম জানান, তাদের চার ভাইয়ের মধ্যে জামিরুল সবার ছোট। হত্যার ঘটনায় পরিবারের সাথে আলোচনা করে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, নিহত জামিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক, পিঠসহ সারা শরীরে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
