৮০’র দশকের তরুণদের মনে ঝড় তুলেছিলেন অঞ্জু ঘোষ। রাজত্ব করে গেছেন টানা ১০ বছর। তারপর নব্বইয়ের দশকের শুরুর দিকে শাবনূর-মৌসুমী-শাবনাজদের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন তিনি। বেশ কিছু ছবি ব্যর্থ হলে কাজ কমিয়ে দেন অঞ্জু। ১৯৯৫-৯৬ সালের দিকে দেশ ছেড়ে স্থায়ী বাসিন্দা হন পশ্চিমবঙ্গে।
দীর্ঘ ২০ বছর পর ২০১৮ সালে প্রথমবার দেশের মাটিতে পা রেখেছিলেন অঞ্জু। সেসময় শিল্পী সমিতি এই গুণী অভিনেত্রীকে সংবর্ধনাও দিয়েছিল। বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রের এ নায়িকা আবারও ঢাকায় পা দিতে যাচ্ছেন। শুধু তাই নয়, দাঁড়াবেন ক্যামেরার সামনেও। প্রায় ২২ বছর পর আবারও বাংলাদেশি ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যাবে অঞ্জু ঘোষকে। তিনি অভিনয় করবেন মধুর ক্যানটিন ছবিতে। স্বাধীনতাযুদ্ধে শহীদ মধুসূদন দে’র জীবনী অবলম্বনে নির্মিত মধুর ক্যানটিন ছবির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অঞ্জু ঘোষকে।
ছবির পরিচালক সাঈদুর রহমান সাঈদ দেশ রূপান্তরকে বলেন, ’২২ তারিখ থেকে মধুর ক্যানটিন ছবির দ্বিতীয় লটের শুটিংয়ে যাবে। এ পর্বে অংশ নেবেন অঞ্জু ঘোষ। ২১ জানুয়ারি ওনার ঢাকায় আসার কথা রয়েছে।’
উল্লেখ্য ‘মধুর ক্যানটিন’ ছবিতে মধুদার চরিত্রে অভিনয় করছেন ওমর সানি। আর সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে। এ ছবিতে টিনএজ প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন মহসিন পলাশ ও সোহানা সাবা।
