ইসরায়েলি মিসাইল হামলা রুখে দিল সিরিয়া

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৭:৪৭ পিএম

ইসরায়েলের এক বিমান হামলা রুখে দিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। রবিবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ছোঁড়া একাধিক মিসাইল ধ্বংস করে সামরিক বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে এক সামরিক সূত্র জানায়, ইসরায়েলের বড় ধরণের একটি আক্রমণ রুখে দিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো ধরণের ক্ষতি করার আগেই এগুলো (ইসরায়েলি মিসাইল) প্রতিরোধ করা হয়েছে।

আলজাজিরা জানায়, ইসরায়েলি সামরিক মুখপাত্র এ বিষয়ে কোনো ধরণের মন্তব্য করতে রাজি হননি।

যদিও পরে দেশটির সামরিক বাহিনী জানায়, রবিবার সিরিয়ার সীমান্তে দখলকৃত গোলান হাইটসের উত্তরাংশের দিকে ছোঁড়া একটি রকেট তাদের আয়রন ডোম মিসাইল সিস্টেম দ্বারা ধ্বংস করা হয়েছে।

তবে কারা এ রকেট ছুঁড়ে সে সম্পর্কে নির্দিষ্টভাবে কিছুই জানায়নি তারা। উত্তর গোলান লেবানন সীমান্তেরও খুব নিকটে। মূলত সিরিয়ার আসাদ সরকারকে সহযোগিতা দিয়ে যাওয়া ইরানের স্থাপনার উপরে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।

দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সামরিক স্থাপনার উপরে ৩৬ ঘণ্টাজুড়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু।  মারণাস্ত্রের গুদাম হিসেবে ব্যবহৃত হতো এসব স্থাপনা।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়া যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা দিচ্ছে ইরান। তবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্রে চির প্রতিদ্বন্দ্বী ইরানের সামরিক উপস্থিতিকে হুমকি স্বরূপ দেখে।

এর আগেও সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় দেশটি। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা সেপ্টেম্বরে জানিয়েছিলেন, গত দুই বছরে ইরান ঘাঁটিতে দুইশোরও বেশি হামলা চালিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত