কক্সবাজারের পেকুয়া উপজেলায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত ইমামের নাম হাফেজ ইমতিয়াজ মুহাম্মদ সায়েম (৩০)। তাকে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইমাম হাজি আছহাব মিয়া জামে মসজিদের পেশ ইমাম।
আহত ইমাম ইমতিয়াজ মুহাম্মদ সায়েম জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মসজিদের বারান্দায় বসে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় আকস্মিকভাবে একজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত মসজিদে ঢুকে তার পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে ও হামলাকারীরা পালিয়ে যায়।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
