সিলেটে ফিরলেন দেশিরা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৩৩ এএম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) প্রথম পর্বে স্বদেশি ক্রিকেটারদের খুব একটা খুঁজে পাওয়া যায়নি। দেশের ক্রিকেটের দুই তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান বল হাতে সফল ছিলেন। এছাড়া বোলারদের মধ্যে তাসকিন আহমেদও সফল ছিলেন। কিন্তু পরিসংখ্যানের হিসাব ধরলে প্রথম পর্ব শেষে সেরা পাঁচ বোলারের তালিকায় আধিপত্য ছিল বিদেশিদের। সেই চিত্র সিলেটের দ্বিতীয় পর্ব শেষে আমূল বদলে গেছে। এখন সেরা পাঁচের চারজনই বাংলাদেশি। প্রথম পর্বে বোলারদের তুলনায় দেশি ব্যাটসম্যানদের অবস্থা ছিল আরও নাজুক। বিদেশিদের সঙ্গে রান তোলার প্রতিযোগিতায় অনেক পিছিয়ে ছিলেন। সেরা পাঁচের সিংহভাগই ছিলেন বিদেশি। কিন্তু দ্বিতীয় পর্ব শেষে দেশি ব্যাটসম্যানরা রানে ফিরেছেন। সেরা পাঁচে আধিক্য দেখাতে পারেননি ঠিকই, তবে ব্যাটে-বলে বিপিএলে দেশি ক্রিকেটারদের দাপট ফিরেছে।
ব্যাটে-বলে দেশি ক্রিকেটারদের ফর্মে ফেরা তো আছেই, সঙ্গে ঔজ্জ্বল্য বেড়েছে ম্যাচগুলোতেও। রানের খেলায় টি-টোয়েন্টিতে ফিরেছে রান। এই ফরম্যাটের ক্রিকেট মানেই ধুন্ধুমার ব্যাটিংয়ের পসরা। কিন্তু চার-ছক্কার বালাই ছিল না ঢাকার প্রথম পর্বে। সিলেটের প্রথমদিকেও ছিল রানখরা। তবে দিন যত গড়িয়েছে বিপিএল ফিরেছে তার আসল চেহারায়। দ্বিতীয় পর্বের শেষদিন দুটি ম্যাচেই রান ফোয়ারা ছুটেছে। ব্যাটসম্যানরা চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। দর্শকদেরও মাঠে আসা হয়েছে সার্থক। ১৮ জানুয়ারি সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনশোর ওপরে রান উঠেছে। একই দিনে অন্য ম্যাচে দুই দল মিলে রান করেছে সাড়ে তিনশোর ওপর। সবচেয়ে আকর্ষণীয় ছিল সদ্য শেষ হওয়া পর্বের শেষদিন। দুই ম্যাচেই চারশোর মতো রান উঠেছে। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে এবারের আসরে সবচেয়ে বেশি ১৯৫ রান তাড়া করে জয়োৎসব করেছে শিরোপাধারী রংপুর। আর দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংস এই আসরে সর্বোচ্চ ও বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ (৪ উইকেটে ২১৪ রান) করে।
এবারের আসরের দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফর্ম করেছেন স্বদেশি বোলাররা। সেরার তালিকাটা নিজের করে নিয়েছেন দারুণ ছন্দে থাকা সিলেট সিক্সার্স পেসার তাসকিন আহমেদ। সিলেটের কোচ ওয়াকার ইউনিসের তালিমে দারুণভাবে ফর্মে রয়েছেন এই পেসার। উইকেটপ্রতি ১৫ রানের মতো খরচায় সাত ম্যাচে তার শিকার ১৪ উইকেট। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্সের পেসার শফিউল ইসলাম। তৃতীয় স্থানে রংপর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা (১২ উইকেট) ও চতুর্থ স্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান (১০ উইকেট)। শীর্ষ পাঁচের মধ্যে একমাত্র বিদেশি পঞ্চম স্থানে থাকা চিটাগং ভাইকিংসের রবার্ট ফ্রাইলিনক (৯ উইকেট)।
ব্যাটিংয়ের শীর্ষ পাঁচে রাইলি রুশো তার অবস্থান ধরে রেখেছেন। রংপুরকে প্রায় ম্যাচেই বিপদ থেকে উদ্ধার করছেন এই দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান। দারুণ ফর্মে থাকা রুশো সাত ম্যাচে চার হাফসেঞ্চুরিতে ৩৪৯ রান করেছেন। সর্বশেষ দুই ম্যাচে টানা হাফসেঞ্চুরি (৫৮ ও ৬১ রান) আছে তার। রুশোর গড়ও অবিশ্বাস্য ৮৭.২৫! ২৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের নিকোলাস পুরান। মোট রানের মতো ম্যাচপ্রতি রান তোলার দিকেও রুশোর সঙ্গে ব্যবধান বিশাল। পুরানের গড় ৪৮.৮০। তৃতীয় স্থানে দ্বিতীয় পর্ব শেষে বিপিএলের সমাপ্তি টানা সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৩৭.১৬ গড়ে ২২৩ রান এই অস্ট্রেলিয়ানের। দ্রুতই তাকে টপকে যাওয়ার অপেক্ষায় আছেন এই আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো করা জুনায়েদ সিদ্দিকী। খুলনা টাইটান্সের এই ওপেনার ২৯.০০ গড়ে ২০৩ রান করেছেন। ৩৮.২০ গড়ে ১৯১ রান নিয়ে পঞ্চম স্থানে মুশফিকুর রহিম। 

আজ শুরু হচ্ছে তৃতীয় পর্ব। ঢাকাতে তিন দিন খেলা শেষে চট্টগ্রাম সফরে যাবে বিপিএল। আসছে দিনগুলোতে রান আর উইকেটের পরিসংখ্যান সমৃদ্ধ হবে নিশ্চয়ই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত