ম্যাচটা ১-১ সমতায় শেষ ভেবেই যোগ করা সময়ে মন খারাপ করেই গ্যালারি ছাড়তে শুরু করেছিল মোহামেডান সমর্থকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতেই জয়হীন, এই দল নিয়ে এখন আর বড় স্বপ্ন তারা দেখেনই না। তবে শেষ বাঁশি বাজার ঠিক কয়েক সেকেন্ড আগে গোমড়ামুখে হাসি ফোটালেন কিংসলে চিগোজি। তার শেষ মুহূর্তের গোলে গতকাল ২-১ ব্যবধানে টিম বিজেএমসিকে হারিয়েছে সাদা-কালোরা। শেষ মুহূর্তে বিজেএমসির ক্যামেরুনিয়ান ডিফেন্ডার বেইবেক লাল কার্ড দেখার সুযোগটাই কাজে লাগিয়েছেন মোহামেডান অধিনায়ক কিংসলে। দলের প্রথম গোলটিও করেছেন এই নাইজেরিয়ান। বিজেএমসির হয়ে গোল করেন উজবেক মিডফিল্ডার ওটাবেক। ময়মনসিংহ স্টেডিয়ামে দিনের অন্য খেলায় স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই দুই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো লিগের প্রথম রাউন্ড। এই রাউন্ড শেষে ৩ পয়েন্ট করে পেয়েছে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান এবং শেখ রাসেল।
ম্যাচের শুরুতে গোলের দুটি সুযোগ নষ্ট করে বিজেএমসি। ১৫ মিনিটে নাইজেরিয়ান প্লেমেকার স্যামসন ইলিয়াসুর শট মোহামেডান কিপার খন্দকার সাদ ইশতিয়াক আয়ত্তে নেন। আর ২৫ মিনিটে আবদুল্লাহ আল মামুনের শট চলে যায় বার ঘেঁষে। মোহামেডান এগিয়ে যায় ম্যাচের ৩৪ মিনিটে। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো ডানপ্রান্ত থেকে ক্রস ফেললে তাতে কিংসলের নিখুঁত হেড ঠিকানা খুঁজে পায়। পিছিয়ে পড়ে আক্রমণ বাড়িয়ে দেয় বিজেএমসি। তারা ফল পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া উজবেক মিডফিল্ডার ওটাবেকের ফ্রি-কিক জালে জড়ালে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দু’দল সমান্তরালে চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। এই অর্ধে দু’দলের দুটি দুর্দান্ত ফ্রি-কিকে গোল হয়নি। ৫৪ মিনিটে ওটাবেকের আরেকটি ফ্রি-কিক পোস্ট ঘেঁষে চলে যায়। আর ৭০ মিনিটে ল্যান্ডিংয়ের ফ্রি-কিক বিজেএমসি কিপার আবুল কাশেম ফিস্ট করে ফেরান। ম্যাচের ৮০ মিনিটে বিজেএমসি ১০ জনের দলে পরিণত হয় বেইবেক ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। দুর্বল রক্ষণ পেয়ে মোহামেডান হামলে পড়ে বিজেএমসি রক্ষণে। চার মিনিট ইনজুরি টাইমের শেষ মিনিটে বাঁপ্রান্ত থেকে কাউসার আলী রাব্বির ক্রসে কিংসলের আরেকটি লক্ষ্যভেদী হেড পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে মোহামেডানের।
ময়মনসিংহে স্বাগতিক হিসেবে আরামবাগের শুরুটা ভালো হলো না। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে শেখ রাসেলের উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশের গোলটিই ম্যাচ থেকে ছিটকে দেয় আরামবাগকে। এরপর অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি মারুফুল হকের দল। সুবাদে ২০১২-১৩ ট্রেবলজয়ী শেখ রাসেল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শুরু করল লিগ।
