গাঁটছড়া বাঁধলেন আরিক-প্রিয়াঙ্কা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৩৭ এএম

বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং গুণী অভিনেত্রী ও নির্মাতা নিমা রহমানের একমাত্র ছেলে আরিক আনাম খান। তিনিও মঞ্চের মেধাবী অভিনেতা। গত বৃহস্পতিবার সকালে বনানীর এক রেস্তোরাঁয় আরিকের বিয়ে হয়েছে নৃত্যশিল্পী এগনেস র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের সঙ্গে। এরপর গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ, নৃত্য আর সংগীত জগতের তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে গত বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়েছে গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান।

তারিক আনাম খান জানালেন, ‘প্রিয়াঙ্কাকে অনেক দিন থেকেই চিনি। ও আমার খুব প্রিয়। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করেছি। এটা বাবা-মায়ের জন্য বড় দায়িত্ব। সন্তানের খুশিমুখ দেখা সবচেয়ে আনন্দের। সবমিলিয়ে আমি আর নিমা খুবই আনন্দিত। আমাদের পরিবারে এখন খুব আনন্দ হচ্ছে।’

প্রসঙ্গত, আরিক আনাম খান সম্প্রতি লন্ডন ফিল্ম স্কুল থেকে ফিল্ম ডিরেকশনের ওপর স্নাতকোত্তর করেছেন। আর তার স্ত্রী র‌্যাচেল প্রিয়াঙ্কা নাচের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক। নাচের ওপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এমফিল করেছেন। সামনে সেখানেই পিএইচডি করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত