কিছুদিন আগে গিঙ্গাম্পের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে ঘরের মাঠে শনিবার রাতে সেই হারের প্রতিশোধ তুলল ফরাসি জায়ান্টরা। গিঙ্গাম্পকে ৯-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে এটি সবচেয়ে বড় জয় পিএসজির। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। জোড়া গোল নেইমারের।
ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান নেইমার। দানি আলভেসের পাস থেকে গোল করেন তিনি। প্রথামার্ধ শেষ হওয়ার আগে ৩৭ ও ৪৫ মিনিটে গোল করেন এমবাপে। তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। কাভানি নিজের প্রথম গোল পান ৫৯ মিনিটে। সাত মিনিট পর আর্জেন্টাইন ডি মারিয়ার ক্রস থেকে আরও এক গোল করেন কাভানি। এটি ছিল পিএসজিতে উরুগুইয়ান স্ট্রাইকারের ১০০তম গোল। এরপর নিজের দ্বিতীয় গোলটি নেইমার করেন ৬৮ মিনিটে। ম্যাচের ৭৫ মিনিটে কাভানি এবং ৮০ মিনিটে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রতিপক্ষের জালে শেষ গোলটি করেন থমাস মুনিয়ের, ৮৩ মিনিটে।পিএসজির বড় জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এদিন হয়েছে রেকর্ড। ম্যাচে একই দলের দুই খেলোয়াড়ের হ্যাটট্রিক এর আগে হয়েছিল ১৯৭৯ সালে। বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর লিগে নেইমার করেছেন ৩৩ ম্যাচে ৩২ গোল। যা লিগ ওয়ানের গেল ৪৫ বছরের ইতিহাসে দ্রুত সময়ে ৩২ গোল।
×
