দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ হওয়ার পর হাইকোর্টের অন্য একটি বেঞ্চে তা শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি গ্রহণ করে।
আদালতে আবেদনটি উপস্থাপন করেন রিটকারীর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। তিনি জানান, সোমবার (আজ) এর ওপর শুনানি হতে পারে।
গত ১৬ জানুয়ারি শুনানি নিয়ে পরদিন এক আদেশে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আইনজীবী এহসানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) আগের বেঞ্চে আবেদনটি পুনরায় শুনানির জন্য উপস্থাপনের আবেদন করা হলে তা শুনতে অপারগতা প্রকাশ করেন আদালত। পরে নতুন বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।’
দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ সংবিধানের পরিপন্থি উল্লেখ করে গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। নোটিসের জবাব না পাওয়ায় পরে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।
