চট্টগ্রামে বেপরোয়া কিশোর অপরাধীরা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১২:০২ এএম

কারও বয়স ১৪ থেকে ১৬, আবার কারও ১৯ থেকে ২১ বছর। গা হিম করা সব অপরাধে জড়িয়ে পড়ছে এ বয়সের শিশু-কিশোররা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে খুন থেকে ছিনতাই, জঙ্গি তৎপরতা থেকে পণ্য লোপাটের মতো ঘটনায় জড়িত এই কিশোররা। স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের মতো ঘটনায় তারা হাতে তুলে নিচ্ছে মারণাস্ত্র। সামান্য ঘটনা নিয়ে সহপাঠী থেকে অপরিচিত কারও বুকে-পিঠে পেটে ছুরি বসাতে বাধে না তাদের। ধরা পড়লে অবলীলায় বর্ণনা দিচ্ছে নৃশংস ঘটনার।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কেবল আইন প্রয়োগ করে এ অপরাধ প্রবণতা রোধ করা যাবে না। সামাজিক সচেতনতা অতীব জরুরি। এ নগরীতে আমরা যারা বাস করি তাদের একজনের সঙ্গে আরেকজনের রক্তের সম্পর্ক না থাকতে পারে, সামাজিক সম্পর্ক আছে। সেহেতু আমাদের সামাজিক কিছু দায়িত্বও আছে।’ তিনি আরও বলেন, ‘এদের ক্ষেত্রে আমরা যে কয়েকটি বিষয় লক্ষ করছি, তা হলো মা-বাবা বাচ্চাদের গাইড করে না, বেকারত্ব, অশিক্ষা এবং মাদকাসক্তি নিয়ামক হিসেবে কাজ করছে। এটা একটা সামাজিক সংকট। তবে আমরা এ সংকট দূরীকরণে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি, যেগুলো কার্যকর করতে পারলে এ সংকট অনেকাংশে দূর হবে বলে আমার বিশ্বাস।’

এ বয়সের অপরাধীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি দেশ রূপান্তরকে বলেন, স্বাভাবিকভাবেই কিশোরদের বিচক্ষণতা, দূরদর্শিতার অভাব আছে। তারা যে অপরাধ করছে, এই অপরাধের ফলে কী হবে, সেটা তারা চিন্তা করছে না। চট্টগ্রামে বিভিন্ন ঘটনায় ধরা পড়ছে টিনএজ কিশোররা। এখন ভয়ের কারণটা হলো এরা নিজেরাও জেনে গেছে যে তাদের অপরাধের তুলনায় শাস্তি সীমিত। বড়জোর সংশোধনাগারে পাঠানো হবে। মূলত এ বিষয়টা তাদের বেপরোয়া করে তুলছে। পাশাপাশি সামাজিক, পারিবারিক দায়িত্বহীনতা তো রয়েছেই।

চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে এমন কোনো অপরাধ নেই যেখানে ১৮ থেকে ২০ বছর বয়সীদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন টিন এজারদের অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা সিএমপির নগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, ১৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার রুমঘাটা এলাকা থেকে চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ বিন সোলায়মানকে (১৮) গ্রেপ্তার করা হয়। গৃহশিক্ষকের হাত ধরে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরে যোগ দেয় বলে স্বীকার করে। তার শিক্ষক সাবকাত আহম্মেদও অল্প বয়সী। বয়স মাত্র ২০ বছর। তাকে ৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান, গত ১৩ জানুয়ারি নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। দুজন হলো- মো. জীবন (১৮) ও মো. পারভেজ হোসেন (১৯)।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়–য়া জানান, ১২ জানুয়ারি পতেঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রপ্তানি পণ্য চোর চক্রের চার সদস্যকে প্রেপ্তার করেছে পু্লশি। এদের মধ্যে রানা হাওলাদার নামে একজনের বয়স ২০ বছর।

একইভাবে ৮ জানুয়ারি ভোর পর্যন্ত নগরের বন্দর ও পতেঙ্গা থানার বিভিন্ন জায়গায় গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে একজন মো. সজীবের বয়স ১২ বছর।

৫ জানুয়ারি কাভার্ডভ্যান থেকে আমদানি ও রপ্তানি পণ্য চোরচক্রের গ্রেপ্তারকৃত ১০ সদস্যের মধ্যে মো. সালাউদ্দিন নামে একজনের বয়স ২০ বছর।  গত বছরের ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ দুজনের মধ্যে একজন আজাদ কামাল নিশানের বয়স ২০ বছর।

১২ ডিসেম্বর নন্দনকানন এলাকা থেকে গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারীর মধ্যে চারজনই টিনএজার বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মহসিন। এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের পর দুই ছাত্রসহ চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জনতা। গ্রেপ্তারকৃতরা হলো এসএসসি পরীক্ষার্থী মো. হৃদয় (১৮), সাহেদুল ইসলাম রিচান (১৮), কলেজছাত্র সাইদুল আলম ইমন (২০) ও ওয়ার্কশপের কর্মচারী রবিউল হোসেন সাকের (২০)।

ওসি মহসিন আরও বলেন, ১০ ডিসেম্বর স্কুলে ‘ক্লাস ক্যাপ্টেন’ বা ‘শ্রেণি প্রতিনিধি’ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ছাত্রকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই কলেজ ছাত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজন বিরোধে জড়ানো স্কুল ছাত্রদের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত