কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা দমদমিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম শামশুল আলম ওরফে শামশু (৩০)। পুলিশের দাবি, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিল।
রবিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুয়েল ফকির (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, জুয়েল ছিনতাইসহ
বিভিন্ন মামলার আসামি। জয়পুরহাট পাঁচবিবির চাঁনপাড়া সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছে। তার নাম ছানা মিয়া। তাকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত : গতকাল ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী শামশুল আলম নিহত হয়। পুলিশ জানিয়েছে, এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন টেকনাফ থানা পুলিশের এসআই রাসেল, এএসআই ফয়েজ ও আলমগীর হোসেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল রাতে অভিযানে নামে। এ সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা অভিযান চালালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী শামশুলকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে তার অন্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে শামশুলকে কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় শামশুকে পাওয়া যায়। টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ : বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুয়েল ফকির নামে এক ব্যক্তি আহত হয়েছে। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির সময় বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কনস্টেবল আহত হন।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, জুয়েল ২৫ লাখ টাকা ছিনতাই সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার আসামি। গত ১০ জানুয়ারি ফজলুর রহমান নামে এক ব্যবসায়ী বগুড়া এবং মহাস্থানে ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে রায়নগর এলাকায় একদল দুর্বৃত্ত টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মামলা হয়। জুয়েলকে জিজ্ঞাসাবাদে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সেই তথ্যের ভিত্তিতে জুয়েলের বাড়ি থেকে ছিনতাইকৃত ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বগুড়ায় পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জ থানার ছিনতাই মামলায় পুলিশ ইয়াছিন আলী নামে এক ছিনতাইকারীকে আটক করে। গত ২০ জানুয়ারি ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী জড়িত আসামিদের আটক এবং লুট করা টাকা উদ্ধারের জন্য বগুড়া ডিবি পুলিশের সদস্যরা রবিবার রাত ১টার দিকে বিহার পশ্চিমপাড়ায় যান। তারা জনৈক হাফিজার রহমানের বাড়ির কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও শটগান থেকে পাল্টা গুলি চালায়। ১২ রাউন্ড গুলি ছোড়ার পর দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জুয়েল ফকিরকে আটক এবং তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
তিনি আরও বলেন, জুয়েল ও তার সহযোগীরা দুই মাস আগেও একই কায়দায় এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল। ওই দুটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জয়পুরহাটে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত আহত : জয়পুরহাট পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয় ও তিন পুলিশ সদস্য আহত হন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, রবিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার ছানা মিয়াকে একটি রিভলভার, পাঁচটি ধারালো চাপাতি, হাঁসুয়া ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
