ভোট ডাকাতির নির্বাচন জনগণ মানে না : ফখরুল

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৩:৪২ এএম

বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচন জনগণ মানে না। মুক্তিযুদ্ধে অবদান রাখা আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, লুট করেছে মানুষের ভোটাধিকার। তাই  নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাই।’

গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে চর খোলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি কর্মী তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি ওই এলাকায় বিএনপি আয়োজিত এক সমাবেশে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। ধর্ষণের শিকার হতে হয়েছে মা-বোনদের। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের আগের রাতে ব্যালট বাক্সে সিল মেরে ভোটবাক্স ভর্তি করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকার বিজয় উৎসব করছে। আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে।’ 

জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব. বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লা চৌধুরী প্রমুখ।

সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনা ভোটের আগের রাতে চুরি করেছে আর ভোটের দিন সন্ত্রাস ও ডাকাতি করেছে। ভোট চুরি করে সরকার ভূরিভোজ করেছে।’ 

আ স ম আব্দুর রব বলেন, ‘নতুন প্রজন্মের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।’ এ সময় তিনি বিএনপি কর্মী তোজাম্মেল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত