আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত বিধিমালা করতে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ কর্মকর্তারা থাকবেন। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে আছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সংসদীয় আসন কিশোরগঞ্জ-১-এ উপনির্বাচনের তফসিল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এবং পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। আলোচনা হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, গাইবান্ধা-১ আসনের স্থগিত নির্বাচনের অগ্রগতি এবং জাতীয় ভোটার দিবস উদযাপন ইত্যাদি নিয়ে।
গত ১৪ জানুয়ারি ইসি সচিব জানান, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী উপজেলা নির্বাচন হবে। এজন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট হবে।
