সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের শেষ স্ট্যাটাস কাঁদাচ্ছে ভক্ত-অনুরাগীদের। যেখানে এ সংগীত কিংবদন্তি বলেছিলেন, তাকে যেন ভুলে যাওয়া না হয়।
ফেসবুকে ২ জানুয়ারি শেষবারের মতো পোস্ট দেন বুলবুল। কলকাতা থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে ছবি তুলে ফেসবুকে শেয়ার করেন।
ক্যাপশনে বুলবুল লেখেন, ‘আমাকে যেন ভুলে না যাও… তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’
ছবিটির মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান। অনেকে আশঙ্কা করেন, তিনি হয়তো কোথাও চলে যাচ্ছেন। বুলবুল উত্তরে জানান, কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন মাত্র।
সেই পোস্টের ২০ দিন আর কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি বুলবুল। তার মৃত্যু সংবাদ প্রকাশের পরপরই অনেকেই সেই ছবি শেয়ার করেন, শোক জানান।
রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মঙ্গলবার সকালে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সকাল বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে মারা গেছেন তিনি।
বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
