গেইল-হেলস-ডি ভিলিয়ার্সে হতাশায় পুড়ল খুলনা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৫:২৬ পিএম

প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েও ভাগ্য ফিরল না খুলনা টাইটান্সের। রংপুর রাইডার্সের বিপক্ষে বড় স্কোর গড়েও হতাশার পুড়তে হলো মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। আসলে দলটিকে হতাশা উপহার দিলেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স। এই তিন ব্যাটসম্যান এক সঙ্গে জ্বলে উঠলেন। খুলনার চ্যালেঞ্জিং স্কোরটাও তাই মামুলি হয়ে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দলের কাছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮১ রান করে খুলনা টাইটান্স। জবাবে মাত্র ৪ উইকেট খুইয়ে তিন বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেমন শুরু দরকার ছিল রংপুরকে ঠিক তেমন শুরুই এনে দেন অ্যালেক্স হেলস ও ক্রিস গেইল। আগের পাঁচ ম্যাচে ব্যর্থ গেইল এদিন জ্বলে উঠলেন। তার চেয়ে ভয়ানক হয়ে দেখা দিলেন ইংলিশ ব্যাটসম্যান হেলস। দুজনে ৭.৪ ওভারে স্কোর বোর্ডে ৭৮ রান যোগ করেন।

হেলসকে বোল্ড করে সেই জুটি ভাঙেন ইয়াসির শাহ। এরপর এবি ডি ভিলিয়ার্স ও গেইল একসঙ্গে শাসন করলেন খুলনার বোলারদের। ইয়াসির শাহর ১২তম ওভারে ডি ভিলিয়ার্স এক ছক্কা ও দুই চারে নেন ১৪ রান। তার আগে অষ্টম ওভারে উইকেটে আসার ডি ভিলিয়ার্স পর প্রতি ওভারে মেরেছেন একটি করে ছক্কা। শেষ পর্যন্ত ডি ভিলিয়ার্স ঝড় থামান মাহমুদউল্লাহ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেন খুলনা অধিনায়ক।

ডি ভিলিয়ার্স ২৫ বলে ৪১ রান করেছেন ৪ ছয় ও ৩ চারে। তুলনায় গেইল বিস্ফোরক হয়েছেন থেমে থেমে। ৫৫ রানে ইনিংস খেলেছেন তিনি ৪০ বলে। হাঁকান ৫ ছক্কা ও ২ চার। চেয়েছিলেন খেলা শেষ করে আসতে। কিন্তু জুনাইদ খানের ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন উইসের হাতে।

image

তারপরও রংপুরের জয় পেতে কষ্ট হয়নি। স্কোর বোর্ডের সমীকরণ ততক্ষণে নাগালে। ২০তম ওভারের প্রথম বলে ১৫ রান করা মোহাম্মদ মিথুন স্টাম্পড হলেও রাইলি রুশো বাকি কাজ সারেন। তার বিশাল ছক্কায় জয় নিশ্চিত করে রংপুর। ৩ বলে ১০ রান করেন রুশো। নাহিদুল ১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে খুলনাকে বড় পুঁজি এনে দেন নাজমুল হোসেন শান্ত, ব্রেন্ডন টেইলর, ডেভিড উইসে ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। দুই উদ্বোধনী ব্যাটসম্যান খুব বেশি রান স্কোর বোর্ডে দিতে পারেনি। আল-আমিন ৪ ও জুনায়েদ সিদ্দিকি ১৩ রান করে ফেরেন। ফলে ২৯ রানে ২ উইকেট হারায় খুলনা।

সেখান থেকে দলটি ঘুরে দাঁড়ায় টেলর ও শান্তর ব্যাটে। দুজনে যোগ করেন ৪৯ রান। টেলর ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন। এই জিম্বাবুয়ান ব্যাটসম্যান ফেরার পর মাহমুদউল্লাহকে নিয়ে জুটি গড়েন শান্ত। এই জুটির সংগ্রহ ছিল ৫৬।

শান্ত ও মাহমুদউল্লাহর ব্যাটে দু শ পেরোনো স্কোরের স্বপ্ন দেখছিল খুলনা। কিন্তু সেই আশা মাটি করেন ফরহাদ রেজা। ১৬তম ওভারে পর পর দুই বলে ফেরান মাহমুদউল্লাহ ও শান্তকে। মাহমুদউল্লাহ ২০ বলে ২৯ রান করেন একটি করে ছক্কা ও চারের সাহায্যে। শান্ত দুই রানের জন্য অর্ধশতক হাঁকাতে পারেননি। ৩৫ বলে ৪৮ রান করেন তিনি ৩ ছক্কা ও ২ চারে।

এরপর আরিফুল হক মাত্র ৬ রান করেই ফিরেছেন। তবে উইসে ১৫ বলে ৩৫ রানের ঝড় উপহার দেন। তার ৩ চার ও ২ ছক্কার ঝড়ে খুলনা পায় চ্যালেঞ্জিং স্কোর। যদিও গেইল, ডি ভিলিয়ার্স, হেলসরা এক সঙ্গে জ্বলে ওঠায় ১৮১ রানের স্কোরও মামুলি হয়ে যায় শেষ পর্যন্ত।

রংপুরের পক্ষে ফরহাদ রেজা সর্বাধিক ৪ উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা ও ক্রিস গেইল। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছে ফরহাদ রেজা।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটান্স: ২০ ওভারে ১৮১/৬ (টেইলর ৩২, শান্ত ৪৮, মাহমুদউল্লাহ ২৯, উইসে ৩৫*; ফরহাদ রেজা ৪/৩২)।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮৩/৪ (গেইল ৫৫, হেলস ৫৫, ডি ভিলিয়ার্স ৪১; ইয়াসির ২/৪৭)।

ফল: রংপুর ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ফরহাদ রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত