প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি অর্পিত জনগণের আস্থার মর্যাদা সমুন্নত রাখতে মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
বাসস জানায়, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেকের প্রথম বৈঠকের সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয়ের পর ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। এর দুই সপ্তাহ পর একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমাদের ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন এবং পাশাপাশি বিশাল দায়িত্বও দিয়েছেন। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে তাদের এই আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের ভাগ্যের পরিবর্তনের বিষয়ে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। গ্রামের তৃণমূল পর্যায়ের লোকদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে তার সরকার সকল ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সময় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গতি ও মান বৃদ্ধির লক্ষ্যে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের পূর্ববর্তী মেয়াদের শেষদিকে অনেকগুলো প্রকল্প অনুমোদন করেছি। আমরা দ্রুত এসব প্রকল্পকাজ শুরু এবং শেষ করতে চাই।
জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমি জানি একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পরে প্রবৃদ্ধির হার আরও বাড়ানো অনেক কঠিন। তবে, আমি বিশ্বাস করি আমরা এটি করতে পারব।’
