এক বছর পূর্ণ হওয়ার আগেই দেশে ফোরজি সংযোগের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ছাড়িয়ে গেছে। আমাদের দেশে মোবাইল নেটওয়ার্কিংয়ে সবচেয়ে হালনাগাদ ইন্টারনেট সেবা এখন ফোরজি। সাধারণ মানুষের মধ্যে চতুর্থ প্রজন্মের এই মোবাইল সেবা গ্রহণে আগ্রহ বাড়ছে।
বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ফোরজি সংযোগের সংখ্যা এক কোটি ছাড়ায়। এ সময় থ্রিজি সংযোগ আছে আরও ৬ কোটি ৩৫ লাখ। এক বছর আগেও এ সংখ্যা ছিল ৪ কোটি ৯৩ লাখ।
ফোরজি ও থ্রিজি মিলিয়ে দেশে এখন উচ্চগতির মোবাইল ইন্টারনেট সংযোগ দাঁড়াচ্ছে ৭ কোটি ৫২ লাখ। এর বাইরে আরও এক কোটি চার লাখ মোবাইল ইন্টারনেট সংযোগ আছে, যেগুলো এখনো টুজি সংযোগ ব্যবহার করছে।
গত বছর ফেব্রুয়ারিতে ফোরজির লাইসেন্স পায় চারটি মোবাইল ফোন অপারেটর। এর পরদিন থেকেই সেবা দেওয়া শুরু করে তিন অপারেটর।
গত ১০ মাসের কিছু বেশি সময় নেটওয়ার্ক বাড়ানো এবং গ্রাহক সংগ্রহের কাজ জোরেশোরে করছে অপারেটরগুলো।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ১৬ ডিসেম্বর থেকে রাজধানীতে খুবই সীমিত পরিসরে ফোরজি সেবা দেওয়া শুরু করেছে।
ফোরজি গ্রাহকের দিক দিয়ে বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবি নেতৃত্ব দিচ্ছে। নভেম্বরে গ্রামীণফোন ঘোষণা দেয় তাদের ফোরজি গ্রাহক ৫০ লাখ পেরিয়েছে। এক দিন পর রবিও একই মাইলফলক অর্জনের কথা জানায়। সম্প্রতি এক অনুষ্ঠানে রবি দাবি করে, তারা এখন ফোরজিতে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের ফোরজি সংযোগ ৬০ লাখ। তবে বাংলালিংক অবশ্য কখনোই ১২ লাখের বেশি ফোরজি সংযোগের দাবি করেনি। সূত্র : টেকশহর
