৮ প্রতিষ্ঠান পেল বিএসটিআইর আইএসও সনদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:৪০ এএম

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে আটটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে এই আট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- সিমেক্স কেমিক্যালস, রতনপুর স্টিল রিরোলিং মিলস্ (আরএসআরএম), মেসার্স ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ, কেমিটো ইন্টারন্যাশনাল, হার্বস ওয়ার্ল্ড, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল। এ ছাড়া ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর মেসার্স প্রাইম পুষ্টিকে আইএসও ২২০০০:২০০৫ সনদ দেওয়া হয়। সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমেক্স কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় বৈরাগী, ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম আমির হোসেন, আরএসআরএমের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ রাশেদ ইকবাল। এ ছাড়া অনুষ্ঠানে বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করে বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘আপনাদের আইএসও সনদ গ্রহণ প্রমাণ করে পণ্যমান এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যাচ্ছি। দেশে যত বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ তত বেশি উন্নত হবে। এভাবে সামগ্রিক ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যাওয়ার ভিশন পূর্ণ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত