বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন এ চার্জশিট অনুমোদন দেয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
দুদক কর্মকর্তারা জানান, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ১৫ মে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। একই বছরের ১০ আগস্ট তার স্ত্রী বিরুদ্ধেও মামলা করেন দুদকের ওই কর্মকর্তা। তার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুটি মামলার তদন্ত করেন সংস্থাটির আরেক
উপপরিচালক সৈয়দ আহমেদ। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী কমিশন অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দেয়।
