কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা আজ বুধবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে তিনটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে ইচ্ছুক ব্যক্তিরাও আজ থেকে মনোনয়ন ফরম কিনতে পারবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ তারিখ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আর ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এদিকে ডিএনসিসি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভার কথা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রার্থীদের বিষয়ে সুপারিশ করবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যানেলটি মহানগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনের (তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত ওয়ার্ড) প্রার্থীদের ক্ষেত্রেও এ নিয়মাবলি প্রযোজ্য হবে।
