ইজতেমা আয়োজন নিয়ে রিটে হাইকোর্টের উষ্মা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০২:৩৯ এএম

টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুইপক্ষের বিরোধ ও সংঘর্ষের পর ইজতেমা পালনে আদালতের সহযোগিতা ও নির্দেশনা চেয়ে রিট আবেদন করায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আবেদনের শুনানিকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ উষ্মা প্রকাশ করে। ইজতেমা নিয়ে রিট আবেদনকে ‘লজ্জার’ বলে উল্লেখ করে দুইপক্ষের বিরোধ মিটিয়ে ফেলার তাগিদ দেয় আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মো. নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। বিশ্ব ইজতেমা আয়োজনে উচ্চ আদালতের সহযোগিতা চেয়ে গত সোমবার আইনজীবী মো. ইউনুস মোল্লার পক্ষে এ রিট আবেদনটি করা হয়।  গতকাল রিটকারীর আইনজীবী শাহ মো. নুরুল আমিন মামলারর বিবরণীর ওপর শুনানি শুরু করলে রিটকারী পক্ষের উদ্দেশে আদালত বলে, ‘আপনারা নিজেরা দুই ভাগে বিভক্ত হলে দ্বীনের প্রচার করবেন কীভাবে? নিজেদের মধ্যে মারামারি করবেন, আবার ইজতেমা পালনের জন্য আদালতে রিট দায়ের করবেন, এটা লজ্জার।  ইসলামের প্রচার ও প্রসার (তাবলিগ) একটি মহৎ কাজ।  আপনাদের (তাবলিগকারীদের) কেন আইনের গাইডলাইন নিয়ে চলতে হবে?’

হাইকোর্ট বলে, ‘আপনাদের তো আল্লাহর ভয়ে একনিষ্ঠ থাকার কথা।  আপনারা মারামারি করলে মানুষ কী ভাববে? মানুষের কাছে কী জবাব দেবেন? আপনারা আরও শুদ্ধ হোন।’

আদালত আরও বলেন, ‘আগে নিজেরা সংশোধন হোন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন। এরপরই আপনাদের আবেদন শুনব।’

আইনজীবী শাহ মো. নুরুল আমিন আদালতকে বলেন, ‘দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চলছে।  তবে দ্বন্দ্ব নিরসন সম্ভব না হলে সরকার দুইপক্ষকে আলাদা আলাদাভাবে ইজতেমা পালনের যে নির্দেশনা দিয়েছে তাই পালন করা হবে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ব ইজতেমা নিয়ে দুইপক্ষের বিরোধ ও এ নিয়ে রিট আবেদন করায় আদালত এটিকে লজ্জাজনক বলে উল্লেখ করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি আদালতে বলেছি বিশ্ব ইজতেমা নিয়ে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়েছে।  আজ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও একটি জরুরি সভার দিন ধার্য রয়েছে। ইজতেমার বিষয়ে সেখান থেকে সুস্পষ্ট নির্দেশনা আসতে পারে এবং এ বক্তব্যের পর এই মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করে আদালত।’

প্রসঙ্গত, টঙ্গীতে বিশ্ব ইজতেমা পরিচালনা সংক্রান্ত বিরোধের জের ধরে তাবলিগ জামাতের দুই গ্রুপ মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারীদের মধ্যে গত বছরের ১ ডিসেম্বর সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত