সৈয়দপুর ও সিলেট থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি দেশীয় এয়ারলাইন্সগুলো ওই দুই স্থান থেকে ফ্লাইট চালাবে। আগামী মাসেই এসব ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি বলেন, এসব ফ্লাইট চালু হলে যাত্রীর সংখ্যাও অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে।
শাকিল মেরাজ গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে আরও জানান, সড়কপথে যানজট, ফেরিঘাটে দুর্ভোগ, ট্রেনের টিকিটের সংকট ও নৌপথে নাব্যতা সংকটের কারণে অনেক যাত্রী আকাশ পথকে বেছে নিচ্ছেন। এসব বিষয় চিন্তা করে অভ্যন্তরীণ রুটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্লাইট পরিচালনা হাতে নিয়েছে বিমান। এর অংশ হিসেবে সৈয়দপুর-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-যশোর রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালুর চিন্তা করা হচ্ছে। এছাড়া ঢাকা-রাজশাহীতে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতে পারে বিমান। তিনি আরও বলেন, এক সময় সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে শুধু বিমানের তিনটি ফ্লাইট ছিল। এখন বাংলাদেশ বিমান ছাড়াও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। সব মিলিয়ে সৈয়দপুর রুটেই প্রতি সপ্তাহে ফ্লাইটের সংখ্যা বর্তমানে ৭৮টি। সিলেট ও সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি বিমান চলাচল করবে। বিমানের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলোও সৈয়দপুর ও সিলেট থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। আগামী মাস থেকে সরাসরি ফ্লাইট চলাচল করবে বলে আশা করছি।
