সেরেনাকে হারিয়ে সেমি-ফাইনালে প্লিসকোভা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০০ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে এগিয়ে যাওয়ার ধারা ধরে রাখতে পারলেন না সেরেনা উইলিয়ামস। শেষ আটে মহাকাব্যিক লড়াইয়ে কিংবদন্তি এই খেলোয়াড়কে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।

মেলবোর্নে বুধবার রড লেভার অ্যারেনায় মেয়েদের এককে কোয়ার্টার-ফাইনালের ম্যাচটিতে খেলা হয়েছে পুরো তিন সেট। তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইয়ে দুই ঘণ্টা ১০ মিনিট পর ১৬তম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনাকে ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে হারিয়ে দেন সপ্তম বাছাই প্লিসকোভা।

দুই বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনেই গর্ভবতী অবস্থায় ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন সেরেনা। এবারও শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে দারুণ একটি রেকর্ড স্পর্শ করতে পারতেন টেনিসের উন্মুক্ত যুগে একক লড়াইয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই খেলোয়াড়। সর্বকালের সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের পাশে নাম লেখাতে পারতেন ৩৭ বছর বয়সী সেরেনা।

সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সেরেনার সঙ্গে পেরে উঠবেন- এমনটা ভাবেননি বলে জানালেন প্লিসকোভা। সেমি-ফাইনালে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় মুখোমুখি হবেন চতুর্থ বাছাই জাপানের নওমি ওসাকার সঙ্গে।

সেরেনাকে হারাতে তৃতীয় সেটে সবচেয়ে বেশি ঘাম ঝড়াতে হয়েছে প্লিসকোভার। এই সেটে এক সময় ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন সেরেনা। দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। শেষ পর্যন্ত সেটটি ৭-৫ ব্যবধানে নিজের করে নেন তিনি।

imageমহাকাব্যিক লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর প্লিসকোভার উল্লাস। ছবি: এএফপি

বিদায়ের দ্বারপ্রান্তে গিয়ে সেরেনাকে হারিয়ে দেওয়াটা নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে প্লিসকোভার।

“আমি প্রায় লকার রুমে চলে গিয়েছিলাম। এখন আমি এখানে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ এক অনুভূতি।”

“আমার মনটা লকার রুমে চলে গিয়েছিল। তৃতীয় সেটে আমি খুব ভালো খেলতে পারিনি। তবে গেমটা যখন ৫-২, তখন আমি লড়াই চালিয়ে যাওয়ার চিন্তা করলাম। শেষ দিকে তিনি (সেরেনা) কিছুটা নড়বড়ে হয়ে যান। আমি আমার সুযোগ কাজে লাগাই; তাতে জিতে গেলাম।”

কোয়ার্টার-ফাইনালে সেরেনার মতো তারকাকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেছেন প্লিসকোভা। সেমি-ফাইনালের প্রতিপক্ষে জাপানের নাওমিকে নিয়ে বলেন, “সে ভয়াবহ। তবে কেউই সেরেনার চেয়ে বেশি ভয়াবহ কেউই নন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত