মেয়ের আত্মহত্যার জন্য ইনস্টাগ্রামকেই দায়ী করল বাবা-মা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:২৯ পিএম

যুক্তরাজ্যে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে দায়ী করেছে তার বাবা-মা।

মোলি রাসেল নামে ১৪ বছর বয়সী এ কিশোরী ২০১৭ সালে আত্মহত্যা করে বলে বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়।

মোলির বাবা আয়ান জানান, তারা মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন জিনিস পেয়েছেন যা মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে এবং আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার মেয়ের মৃত্যুর জন্য ইনস্টাগ্রামও সমানভাবে দায়ী।’

তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আত্মঘাতী ও আত্মহত্যাকে উসকে দেয় এমন কনটেন্ট প্রচার ইনস্টাগ্রামে নিষিদ্ধ। এ ধরনের কিছু থাকলে আমরা এসব সরিয়ে ফেলব।’

এদিকে যুক্তরাজ্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে দায়বদ্ধতার প্রতি আরও বেশি কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে, যাতে সেখানে প্রকাশিত এমন কোনো কনটেন্ট মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে না দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত