লাইনে দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা করেও কোনো লাভ হয়নি। টোকিওর সবচেয়ে জনাকীর্ণ পাতালরেলের প্ল্যাটফর্মে মানুষের গাদাগাদিতে অতিষ্ঠ রেল কর্তৃপক্ষ।
রেলের এই ভিড় সামলাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের বিনামূল্যে নুডলস খাওয়ানোর। তবে শর্ত হচ্ছে, যেসব যাত্রী খুব ভোরে আসবে তাদেরই মিলবে এই ফ্রি নুডলস।
এএফপি জানায়, প্রত্যেকদিন টোকিওর ম্যামথ মেট্রো ব্যবহার করেন প্রায় ৭২ লাখ মানুষ। বিশেষত অফিসের সময় মেট্রোটিতে তিল ধারনের জায়গা থাকে না।
তীব্র ভিড়ের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বাজে প্রভাব পড়ে তোজাই লাইনে। তাই কর্তৃপক্ষ সকালের দিকে অফিসগামী যাত্রীদের শান্ত রাখতে নুডলস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ ধারণা করছে, নুডলস খাওয়ার জন্য যদি অন্তত দুই হাজার যাত্রী সকাল সকাল চলে আসে তাতে দিনের অন্য সময় যাত্রীদের চাপ কিছুটা কমে।
যদি আড়াই হাজার যাত্রী ওই নির্ধারিত সময়ের মধ্যে চলে আসে তাদের দেওয়া হবে এক বাটি সোবা (জাপানি নুডল)। আর তিন হাজার যাত্রী এই চ্যালেঞ্জ গ্রহণ করলে তাদের দেওয়া হবে সোবা এবং টেমপুরা (সবজি)।
টোকিও মেট্রোপলিটান সরকারের ঘোষিত এই প্রকল্প পরীক্ষামূলকভাবে আগামী দুই সপ্তাহ ধরে চলবে। আর এই প্রকল্পে ইতোমধ্যেই এক হাজারের বেশি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের নির্ধারিত সময়ের আগে কাজ শুরু এবং শেষ করার সুযোগ দিয়েছে।
সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ৭৬ হাজারেরও বেশি যাত্রী তোজাই লাইন ব্যবহার করে অফিসে যাওয়ার জন্য। সকালের ওই সময় ট্রেনটি ধারণ ক্ষমতার একেবারে প্রান্তে চলে আসে। অবস্থা এমন হয় যে ট্রেনের মধ্যে কোনো যাত্রী ঘাড় ঘোরানোরও জায়গা পায় না বলে জানান টোকিও মেট্রোর মুখপাত্র তাকেশি ইয়ামাশিতা।
তিনি বলেন, ‘এটা আমাদের সবচেয়ে জনাকীর্ণ লাইন। আমরা সবসময় যাত্রীদের ভিড় কমানোর চেষ্টা করি। আমরা আশা করি এই প্রকল্পের ফলে মানুষ সকাল সকাল অফিস যাবে এবং ভিড় কিছুটা কমবে।’
