কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সালমান খান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৫:৪২ পিএম

সম্প্রতি ভারতের সাধারণ নির্বাচনে একাধিক বলিউড তারকার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছে। কিছুদিন আগে শোনা যায়, কংগ্রেসের হয়ে ভূপাল থেকে নির্বাচন করবেন কারিনা কাপুর খান ও বিজেপি’র পক্ষে পুনে থেকে লড়বেন মাধুরী দীক্ষিত।

এখন শোনা যাচ্ছে, ‘দাবাং’ তারকা সালমান খান ইন্দোর থেকে কংগ্রেসের হয়ে নির্বাচন করবেন।

এ সুপারস্টারের জন্ম ও বেড়ে ওঠা ইন্দোরে। এলাকাটির প্রতি তার বিশেষ টান রয়েছে।

স্থানীয় কংগ্রেস নেতা রাকেশ যাদবের বরাত দিয়ে করা নিউজ এইটিনের এক প্রতিবেদনে জানা যায়, সালমানকে প্রার্থী করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে দল। তারা মনে করেন, ভাইজান নির্বাচনে জিতলে সুফল পাবে ইন্দোরের তরুণেরা।

এ দিকে প্রার্থিতার গুজবের পর মাধুরীর মুখপাত্র জানান, নায়িকা সম্পর্কিত খবরটিতে সত্যতা নেই। রাজনীতিতে আসার কোনো ইচ্ছা তার নেই। অন্যদিকে কারিনা জানান, কেউ তাকে রাজনীতিতে আমন্ত্রণ করেননি। আর বিষয়টি সামনে এগোনোর কোনো কারণও নেই। তার বর্তমান লক্ষ্য সিনেমায় অভিনয় করা। তবে সালমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘রেস থ্রি’ সিনেমায়। বর্তমানে আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ নিয়ে ব্যস্ত আছেন। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে ৫ জুন।

২০১৪ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরীয় সিনেমা ‘ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আরও আছেন সুনীল গ্রোভার, দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহিসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত