সিলেটকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১০:৫২ পিএম

সব শেষ হওয়ার পর খুলনা টাইটান্স ফিরে এলো দুর্দান্ত রূপে। শেষ চারে থাকার আর কোনো সম্ভাবনাই বেঁচে নেই দলটির। এখন শেষ দিকে সান্ত্বনার জন্য যেটুকু অর্জন করা যায়। সেই মিশনে সিলেট সিক্সার্সকে সহজেই হারাল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। পেল আসরে নিজেদের দ্বিতীয় জয়।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেটকে ২১ রানে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান করে খুলনা। জবাবে ৭ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি সিলেট।

টস হেরে ব্যাট করতে নামা খুলনাকে দুই ওপেনার ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকি উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন। সাত নম্বরে নেমে দারুণ খেলেছেন ডেভিড উইসে। এই তিনের ব্যাট ভর করে সিলেট সিক্সার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল খুলনা টাইটান্স।

দুই ওপেনার ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকি উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৩ রান। জুনায়েদ ২৩ বলে ৩৩ রান করে ফিরলে সেই জুটির পতন হয়। অলক কাপালির বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে নিজের ইনিংসটি তিনি সাজান ৬ চারে।

ঠিক পরের ওভারে বল করতে এসে টেলরের উইকেটও তুলে নেন অলক। জাকের আলির হাতে ক্যাচ বানান তাকে। টেইলর ৩১ বলে ৪৮ রান করেন ৪ চার ও ২ ছক্কায়।

এরপর খুলনার ইনিংসটা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। চারে নেমে শান্ত ১৭ রান করেন। মাহমুদউল্লাহ ৩ রানের বেশি করতে পারেননি। তবে সাত নম্বরে নেমে উইসে খেলেছেন ৩৮ রানের ইনিংস। শেষ ওভারে ফেরার আগে ২৫ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

সিলেটের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন অলক কাপালি। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ নওয়াজ।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন লিটন দাস। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন সাব্বির রহমান। অলক কাপালিকে নিয়ে আফিফ হোসেন দারুণ খেলছিলেন। কিন্তু নবম ওভারে কাটা পড়েন দুজনই। ১১ রান করে ফেরেন অলক। আর ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করে ফিরেছেন আফিফ। দুজনের উইকেটই নেন তাইজুল ইসলাম। তার আগে সাব্বিরকেও ফিরিয়েছিলেন তিনি।

৫৬ রানে ৪ উইকেট হারানো সিলেট আর রানের চাহিদা সামাল দিয়ে এগোতে পারেননি। মোহাম্মদ নওয়াজ ঝড় তুলেছিলেন। তবে ৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৪ রান করে জুনাইদ খানের শিকার হন তিনি। নিকোলাস পুরান ফিরেছেন ২৮ রান করে। সিলেট ততক্ষণে ছিটকে গেছে ম্যাচ থেকে। জাকের আলি ২ ও নাসির হোসেন শূন্য রানে অপরাজিত থেকে যান। খুলনার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন খুলনার ডেভিড উইসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত