সাবেক স্ত্রীকে মারধর করেননি জনি ডেপ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:০৮ পিএম

কয়েকটি ব্যবসায়িকভাবে ব্যর্থ সিনেমা, পাশাপাশি সাবেক স্ত্রীর একের পর এক অভিযোগে খুবই খারাপ সময় কাটাচ্ছেন জনি ডেপ। এবার এ হলিউড সুপারস্টার জানালেন, অ্যাম্বার হার্ডকে একেবারেই মারধর করেননি।

নিজের দাবির পক্ষে আদালতে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা আইনি কাগজপত্র জমা দিয়েছেন। যেখানে বলা হচ্ছে, অ্যাম্বারের অভিযোগের সত্যতা নেই।

কিছুদিন আগে একটি ব্রিটিশ পত্রিকায় লেখা হয়, জনি ডেপ স্ত্রীকে মারধর করতেন। এ বিষয়ে ছাড় দেননি নায়ক। ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির হামলা করেছেন। দাবি করেন, তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে কখনোই অ্যাম্বার হার্ডকে মারধর করেননি।

এ তারকার আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান জানান, তারা অ্যাম্বারের দাবির বিরুদ্ধে যে প্রমাণ পেয়েছে, তার আংশিকমাত্র আদালতে উপস্থাপন করছেন। এতেই বোঝা যাচ্ছে, অভিযোগ মিথ্যা।

আরও জানান, তাদের হাতে এক ডজনেরও বেশি ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রয়েছে।

অ্যাম্বার হার্ড ও জনি ডেপের মধ্যে আইনি লড়াই শুরু হয় ২০১৬ সালের মে মাসে। ওই সময় এ নায়িকা অভিযোগ করেন, সাবেক স্বামী তার দিকে সেল ফোন ছুড়ে মেরেছিলেন। এতে তার চোখ ও গালে আঘাত লাগে। আরও জানান, জনি ডেপ বড় সাইজের শ্যাম্পেনের বোতল দেওয়ালে ছুড়ে মেরেছিলেন আর তার দিকে ছুড়ে ছিলেন ওয়াইন গ্লাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত