কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) কর্ণধার শ্রীকান্ত মেহতাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগ রয়েছে। শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবির এই প্রযোজককে রোজভ্যালি ‘চিট ফান্ড’দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) গ্রেপ্তার করে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কলকাতার কসবা এলাকার এসভিএফ কার্যালয়ে ঢুকে আড়াই ঘণ্টা তল্লাশি চালান সিবিআই কর্মকর্তারা। দীর্ঘ সময় জেরা করার পর শ্রীকান্ত মেহতাকে আটক করেন গোয়েন্দা কর্মকর্তারা। এরপর সল্টলেকে সিবিআই কার্যালয়ে নিয়ে গিয়ে আরও জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভুবনেশ্বরের আদালতে নিয়ে যাওয়া হবে তাকে।
জানা যায়, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই কর্মকর্তারা শ্রীকান্ত মেহতার সন্ধান পান। রোজভ্যালি এবং সারদার কর্ণধারের ওপর প্রভাব খাঁটিয়ে মেহতা সিনেমা তৈরির নামে বহু অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সিনেমা বানানোর কথা বলে সিনেমা না বানিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন মেহতা।
উল্লেখ্য কলকাতার প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের স্বত্বাধিকারী শ্রীকান্ত মেহতা। শুধু কলকাতা নয়, ২০১৭ সালে বাংলাদেশেও প্রযোজনা করার সিদ্ধান্ত নেয় কলকাতার চলচ্চিত্রের এই শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানটি। ঢাকার মতিঝিলে আরাধনা এন্টারপ্রাইজ নামে একটি কার্যালয়ও চালু করে তারা।গত বছর সাফটা চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি মুক্তি দেয়।
