আত্মবিশ্বাসী চিটাগংয়ের সামনে রংপুর

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০২:০৮ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা এবার চট্টগ্রামে। চতুর্থ পর্বে সাগরপারের শহরে হবে মোট ১০ ম্যাচ। প্রথম দিনই ঘরের মাঠে নামছে চিটাগং ভাইকিংস। দারুণ আত্মবিশ্বাসী ও ছন্দে থাকা দলটির প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ ও চার নম্বর দল দুটি। এর আগে প্রথম ম্যাচে লড়বে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল নকআউট পর্বের লড়াইয়ে গাণিতিকভাবে টিকে আছে।

মুখোমুখি লড়াইয়ে শক্তি ও তারকার বিচারে অনেক এগিয়ে রংপুর। একদিকে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেলস, মাশরাফীরা। অন্যদিকে ভাইকিংসের আছে শুধু মুশফিকুর রহীম ও রবি ফ্রাইলিনক। অবশ্য তারকার ওজনে ভারী হলেও হার-জিতের হিসাবে রংপুর বেশ পিছিয়ে। টানা পাঁচ ম্যাচ জেতা চিটাগংকে তাদের দুই তারকাই টেনে নিচ্ছেন। মুশফিক ব্যাট হাতে হাল ধরছেন আর ফ্রাইলিনক ফিনিশিং দিচ্ছেন। মুশফিক-ফ্রাইলিনক জুটিতেই শীর্ষে উঠে গেছে দলটি।

মুশফিক-ফ্রাইলিনক চিটাগংয়ের হয়ে যা করছেন তা পারছেন না রংপুরের তারকারা। যে কারণে নকআউট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় ছিল দলটি। অবশ্য ডি ভিলিয়ার্স আসার পর ভাগ্য বদলেছে। টানা তিন হারের পর দুই জয়ে নকআউটের লড়াইয়ে ফিরেছে তারা। বর্তমানে চতুর্থ অবস্থান থেকে এগিয়ে যেতে হলে আজ জয় ছাড়া কোনো পথ নেই মাশরাফীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত