হাজিরা দিলেন খালেদা

গ্যাটকো মামলার পরবর্তী শুনানি ৭ ফেব্রুয়ারি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০২:৫৯ এএম

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনসংক্রান্ত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে বিচারিক আদালত।  রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড  গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে গতকাল বৃহস্পতিবার এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির দিন ছিল। ধার্য দিনে দুপুর সাড়ে ১২টার কিছু পরে খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় বিএনপির চেয়ারপাসনের আইনজীবীরা সময়ের আবেদন করলে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের কারাদ-প্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে।

গতকাল হাজিরা দিতে এসে আদালতে তার বসার জায়গা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, ‘আদালতের এজলাসের বাঁ দিকে দেয়ালঘেরা একটি জায়গায় বেগম খালেদা জিয়াকে রাখা হয়। এ নিয়ে আপত্তি ও ক্ষোভ জানান তিনি। আদালতের বিচারক পরবর্তী তারিখে বিষয়টি বিবেচনা করবেন বলে খালেদা জিয়াকে আশস্ত করেন।’ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাসুদ আহমেদ তালুকদার। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় গ্যাটকো মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের  ১৩ মে বিএনপি-জামায়াত জোট সরকারের ৯ প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রীসহ ২৪  জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি  প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি সাধন করেছেন। আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আবদুুল মান্নান ভুঁইয়া, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। আর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলায় বর্তমানে আসামি সংখ্যা ২০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত