রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা সংবলিত চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। বিদেশি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও (ভিভিআইপি) বাংলাদেশ সফরে এসে এসব গাড়ি ব্যবহার করবেন। গাড়ি চারটি আমদানিতে ব্যয় হবে প্রায় ১৯ কোটি টাকা।
ভিভিআইপিদের জন্য বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোর বেশিরভাগই বেশ পুরনো। দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলোতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন গাড়ি কেনার জন্য চলতি অর্থবছরে জরুরিভিত্তিতে অতিরিক্ত ১৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মোটরযান ক্রয়খাতে সাত কোটি টাকা বরাদ্দ রয়েছে। ওই টাকা দিয়ে প্রশাসনিক যানবাহন কেনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ প্রস্তাব পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও অর্থসচিব আব্দুর রউফ তালুকদার ছয়টি শর্তে তা অনুমোদন করেছেন। অর্থবিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিবহন পুলে প্রয়োজনের তুলনায় কম যানবাহন রয়েছে। ফলে ভিভিআইপিদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা কষ্টসাধ্য হচ্ছে। এ কারণে চলতি অর্থবছর দুটি বুলেটপ্রুফ ও বিশেষ সুরক্ষিত জিপ এবং দুটি কার ক্রয়ের নীতিগত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে অর্থবিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে, রাষ্ট্রপতি ও রাষ্ট্রঘোষিত ভিভিআইপিদের নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ড্রোনশিল্ড আমদানি করেছে। গত মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এগুলো আমদানি করা হয়।
